সেপ্টেম্বরে কম্বোডিয়ায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক
আগামী সেপ্টেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-কম্বোডিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (JWG) দ্বি-পক্ষীয় প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় ২০১৭ সালে উভয় দেশের সমঝোতা স্মারকের আওতায় ই-গভার্নমেন্ট, ই-পাবলিক সার্ভিস ডেলিভারি, ই-লার্নিং, টেলিমেডিসিন, সাইবার সিকিউরিটি, ক্যাপাসিটি বিল্ডিং, তথ্য ও প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়ন ইত্যাদি বিষয়ে বেস্ট প্র্যাক্টিসগুলো বিনিময় করার মাধ্যমে দুই দেশের আইসিটি খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্য ও প্রযুক্তির উন্নয়নে উভয় দেশ আগামীতেও একসাথে কাজ চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
সূত্রমতে, সভায় কম্বোডিয়ার পোস্টস্ অ্যান্ড টেলিকমিউনিকেশনস্ মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট কান চ্যানমেতা ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ডিরেক্টর জেনারেল অব টেলিকম টল ন্যাক, ডিরেক্টর জেনারেল অব আইসিটি চুন ভাট, এনআইপিটিআইসিটি এর ভাইস প্রেসিডেন্ট হেন স্যামবওয়েন এবং বোর্ড অব ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড সেক্রেটারিয়েট এর কর্মকর্তা ভিথ ভিউথ।
অপরদিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি.এম. আরশাদ হোসেন, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটির নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সার্ফ উদ্দিন, “ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোঃ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।